২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরণ অনশনে বড় পুকুরিয়ার ক্ষতিগ্রস্তরা

দ্রুত ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছে বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

দিনাজপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছে বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা। গত সোমবার থেকে তিন দিনের অনশন চালিয়ে আসছিল খনি এলাকার ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের বাসিন্দারা। অনশনের তৃতীয় দিন বুধবার সকালে আমরণ অনশনের ঘোষণা দেয় আন্দোলনকারী সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষাকারী কমিটি’। কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দু’দিন ধরে অনশন চালিয়ে আসছে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৫০০ নারী-পুরুষ। কিন্তু কর্তৃপক্ষ তাতে কোনো সাড়া না দেওয়ায় বুধবার সকাল থেকে আমরণ অনশন শুরু করে তারা। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে বলে জানান ইব্রাহিম খলিল। অনশনকারীদের দাবির মধ্যে রয়েছে- ক্ষতিপূরণের বকেয়া ৬০ ভাগ টাকা দ্রুত প্রদান, ক্ষতিপূরণের ১৯০ কোটি টাকার ওপর ব্যাংকে অর্জিত সুদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন, গত আমন-বোরো ফসলের ক্ষতিপূরণ, প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পেট্রোবাংলায় কর্মসংস্থান ও হয়রানিকারী সার্ভেয়ারদের শাস্তি প্রদান। এদিকে গত দু’দিনের অনশনে রোকেয়া বেগম (৪৫), রাফিজা খাতুন (৫০) এবং মোহসিনা বেগমসহ (৪৭) পাঁচজন অসুস্থ হয়ে পাড়লে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বড় পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশপাশের এলাকায় ছাইয়ের সৃষ্টি হয় এবং ভূমিতে দেখা দেয় ফাটল। এরপর সরকার ওই এলাকার মানুষকে ক্ষতিপূরণ দিয়ে অন্য স্থানে সরানোর সিদ্ধান্ত নেয়। ক্ষতিগ্রস্তদের জন্য ২০১০ সালের ৯ নভেম্বর একনেক-এ ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৬ ঘ.