২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দকে গ্রেপ্তার মামুন হত্যা মামলায়: র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছাত্রদলের এক নেতাসহ চারজনকে আটকের প্রায় আট ঘণ্টা পর র‌্যাব জানিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে বাড্ডার স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ হত্যায় জড়িত সন্দেহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থেকে ছাত্রদলের এক নেতাসহ চারজনকে আটকের প্রায় আট ঘণ্টা পর র‌্যাব জানিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে বাড্ডার স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ হত্যায় জড়িত সন্দেহে। পরিবারের সদস্যদের প্রথমে বলা হয়েছিল, গ্রেপ্তারের বিষয়ে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই। পরে র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল বিকেলে জানান, মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব। নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিক আহমেদ আনন্দকে বুধবার সকাল ৭টায় র‌্যাব পারিচয়ে তার কাদেরাবাদ হাউজিং’এর বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এর এক ঘণ্টার মাথায় জাফরাবাদের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সহিদুজ্জামান সেতু, তার বন্ধু শাকিল, মামুন এবং বাসার কাজের ছেলে কাউসারকে নিয়ে যাওয়া হয়। এই পাঁচজনের সবার বাড়ি নরসিংদীতে। এর মধ্যে আনন্দ এক্সপো লিঙ্ক বিডি নামের একটি বায়িং হাউজের বিপণন ব্যবস্থাপক। আনন্দকে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী পারুল সকালে র‌্যাব-২ কার্যালয়ে গিয়ে তার খোঁজ করেন। কিন্তু তাকে না পেয়ে দুপুরে মোহাম্মদপুর থানায় আসেন অভিযোগ জানাতে। সেখানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদেরাবাদ হাউজিংয়ের পাঁচ নম্বর রোডের এক নম্বর বাসার ছয় তলায় তারা থাকেন। বুধবার সকাল ৭টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন এসে র‌্যাব পরিচয় দিয়ে তার স্বামীকে নিয়ে যায়। “কিন্তু পরে র‌্যাব-২ এর কার্যালয়ে গিয়ে আমরা আনন্দকে পাইনি। তারা বলেছে, আনন্দকে তারা ধরেনি”, বলেন পারুল। এরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে র‌্যাব-২ এ যোগাযোগ করা হলে মেজর দেবাশিষ নারায়ণ পাল বলেন, “ওই নামে কাউকে গ্রেপ্তারের তথ্য আমাদের কাছে নেই।” মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।” দুপুরের দিকে নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য আইনজীবী মো. রশিদুজ্জামান ভূঁইয়া একই থানায় এসে অভিযোগ করেন, তার ছেলেসহ চারজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কাউসার (১৩) একজন গৃহপরিচারক রয়েছে। এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতুসহ তার দুই ছেলে জাফরাবাদের ২৩৬/২ বাসার নিচতলায় থাকে। আর তিনি নরসিংদী জেলা আদালতে আইন ব্যবসা করেন। প্রতি সপ্তাহে তিনি ঢাকায় আসেন। স্ত্রী মারা গেছেন কিছুদিন আগে। রশিদুজ্জামান জানান, বুধবার সকালে ঢাকার বাসার কেয়ার টেকার তাকে ফোন করে জানায়, তার ছেলেসহ চারজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে গেছে। এই খবর পেয়ে তিনি ঢাকায় ছুটে আসেন। কিন্তু র‌্যাব এবং গোয়েন্দা পুলিশ দপ্তরে যোগাযোগ করেও তিনি ছেলেদের হদিস পাননি। সেতু ধানমণ্ডির ভূঁইয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা করছে বলে জানান তিনি। র‌্যাব-২ কর্মকর্তা দুপুর পর্যন্ত গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করলেও র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল বিকেল ৩টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনন্দসহ কয়েকজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সেতুও থাকতে পারে। তাদের নিয়ে এখনো অভিযান চলছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।” র‌্যাবের পরিচালক (ইনটেলিজেন্স উইং) জিয়াউল আহসান বিকাল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব পরিচয়েই গ্রেপ্তার করা হয়েছে। কোনো লুকোছাপা হয়নি। তাদের অধিকাংশই পনিসম্পদ প্রতিমন্ত্রীর ভাগ্নে মামুনুর রশিদ হত্যার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।” তবে গৃহপরিচারক কাউসারসহ (১৩) ‘যারা নির্দোষ’ তাদের ছেড়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে জানান, নাসিক আহমেদ আনন্দ নরসিংদী সরকারি কলেজের জিএস রনি হত্যা মামলার পলাতক আসামি। পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের ভাগ্নে ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মামুনুর রশিদকে (৩২) গত ২৯ ডিসেম্বর দুপুরে বাড্ডা আনন্দনগর সমাজকল্যাণ অফিসের সামনে গুলি করে ও বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামুনের বাবা নূর মোহাম্মদ ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ড্রেজিং ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা মামুনকে হত্যা করিয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/১৮১১ ঘ.