নরসিংদী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা এবং সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদী পৌর উপ-নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুপুরে জেলা বিএনপি সভাপতি খায়রুল কবীর খোকনের শহরের চিনিশপুর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা ও সারোয়ার খান মেয়র পদে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
বিএনপি’র দুই নেতা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। মোসাব্বির নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ শামসুদ্দিন আহমেদ এছহাক ও সাবেক মহিলা সাংসদ রোকেয়া আহমেদ লাকীর ছেলে।
গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হওয়ার পর এই পৌর মেয়ের পদে উপনির্বাচন হচ্ছে।
সংবাদ সম্মেলনে খায়রুল কবীর খোকন বলেন, “ইভিএম পদ্ধতিতে কারচুপির আশঙ্কা থাকে। এছাড়া একজন জনপ্রিয় মেয়রকে হত্যার পর সন্ত্রাসীদের প্রকাশ্য বিচরণে পৌরবাসী আতঙ্কিত। এখানে সেনাবাহিনী মোতায়ন না করার বিএনপি এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।”
শহর বিএনপি সভাপতি গোলাম কবীর কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লাসহ জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান খোকা, আতাউর রহমান ও সুভাষ সাহা মেয়র পদে নির্বাচনী লড়াই থেকে নিজেদের সরিয়ে নেন বলে জানায় নরসিংদীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ১২ মেয়র প্রার্থীর মধ্যে ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকি রয়েছেন ছয়জন।
এরা হলেন- প্রয়াত লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান, মোস্তাজ উদ্দিন ভূইয়া, আমজাদ হোসেন ভূইয়া, আফজাল হোসেন, আরিফুল ইসলাম ও মোসাব্বির আহমেদ নাসির।
এরমধ্যে আওয়ামী লীগ কামরুজ্জামানকে দলীয় সমর্থন দিয়েছে। লোকমান হত্যার পর ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করা হয় কামরুজ্জামান সেই মামলার বাদী।
এই মামলার এক আসামি হলেন শহর আওয়ামী লীগ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া। আগামী ১৯ জানুয়ারি এখানে ভোট গ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24