বাগেরহাট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় চরের জমি দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের মধুমতির চরে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে চিতলমারী থানার ওসি জানান।
আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ মহসিন আলম, সোহরাব হোসেন, আবুল ফকির, নান্না ফকির, টুকু মীর, লায়েক মীর, রিয়াজ, রিয়াদ, সলিম ও বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বখতিয়ার আলম।
তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের উপর ইট ছোঁড়া হয়। ইটের আঘাতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বখতিয়ার আলম জখম হন।”
চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের কুনিয়া গ্রামের মধুমতি নদে জেগে ওঠা চরের জমির দখল নিয়ে সকাল ৭টার দিকে সৈয়দ মহসিন আলম এবং রুহুল আমিন শরীফের সমর্থকদের মধ্যে ঢাল, সড়কি ও ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭০৭ ঘ.
bdnews24