২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না’

প্রধানমন্ত্রী বলেছেন, সড়কে বোমা ফাটিয়ে এবং বাসে আগুন দিয়ে মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, সড়কে বোমা ফাটিয়ে এবং বাসে আগুন দিয়ে মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। বিবিসি বাংলা রেডিওতে মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের দাবি একটি জাতীয় দাবি, এবং সেই দাবির প্রেক্ষিতেই বিচার কাজ শুরু হয়েছে৻ ‘‘এখন যদি কেউ মনে করে রাস্তায় দুটো বোমা মেরে আর বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে, সেটা কিন্তু ঠিক না,” যোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ব্যাহত করার কোনো প্রচেষ্টা তিনি সহ্য করবেন না৻ গত ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনায় নির্ধারিত সময়ের আগে আগতদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এর পরই রাজধানীতে কয়েক স্থানে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন মারাও যায়। রাজধানীতে অন্তত আটটি বাসে আগুনও দেওয়া হয় সেদিন। একইদিন সিরাজগঞ্জ ও সিলেটে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিলেটে বাসে আগুনের ঘটনায়ও একজন নিহত হয়। ক্ষমতাসীন ও বিরোধী দল ওই বিস্ফোরণের জন্য পরস্পরকে দায়ী করে। শেখ হাসিনা মঙ্গলবার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ ছাড়া বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক ‘ঠিকই আছে’৻ সরকার বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু যখন তারা বোমাবাজি করবে, মানুষ হত্যা করবে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, সেটা তো কখনো সহনীয় না, সেটা সহ্য করা যাবে না৻ ‘‘অবশ্যই মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকার হিসেবে আমাদের কর্তব্য এবং আমরা সেটা করবো,” বলেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৫১ ঘ.