নরসিংদী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র লোকমান হোসেন হত্যামামলার আসামি নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া আদালত থেকে জামিন পেয়েছেন। এরপর মেয়র পদে উপনির্বাচনে তার মনোনয়নপত্রও বৈধ বলে বিবেচিত হয়েছে।
নরসিংদীর জেলা ও দায়রা জজ মো. শাহজাহান মঙ্গলবার মোন্তাজকে জামিন দেন।
গত ২৯ ডিসেম্বর নরসিংদীর প্রধান বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণের পর থেকে মোন্তাজ কারাগারে ছিলেন।
এর মধ্যে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হত্যাকাণ্ডের বিষয়ে তাকে দুই দফা জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে মোন্তাজকে হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনূল রশিদ মণ্ডল। তখন হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পরে দুপুরে জজ আদালতে মোন্তাজের জামিনের আবেদন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এ হাদীসহ অর্ধ শতাধিক আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ন ম রুহুল আমিন বিরোধিতা করলেও আদালত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের জন্য মোন্তাজের জামিন আবেদন মঞ্জুর করে।
এই আওয়ামী লীগ নেতা নরসিংদীর মেয়রের শূন্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে স্বাক্ষরে অমিল থাকায় গত সপ্তাহে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
জামিনের পর মোন্তাজ নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আপিলে অংশ নেন। সেখানে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় নির্বাচন কমিশন।
লোকমান মারা যাওয়ায় আগামী ১৯ জানুয়ারি নরসিংদীতে মেয়র পদে উপনির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে প্রার্থী হয়েছেন লোকমানের ভাই মো. কামরুজ্জামানও।
আওয়ামী লীগ দলীয়ভাবে এখন পর্যন্ত এই নির্বাচনে কাউকে দলীয় সমর্থনের ঘোষণা দেয়নি।
গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লোকমান। কামরুজ্জামান এরপর মোন্তাজসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
লোকমান হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোন্তাজ বাদে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২১ ঘ.
bdnews24