২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের ভাইকে সমর্থন আ’লীগের

নরসিংদী পৌর উপনির্বাচনে প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামানকে মেয়র পদে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

নরসিংদী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর উপনির্বাচনে প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামানকে মেয়র পদে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু এই ঘোষণা দেন। গত ১ নভেম্বর রাতে জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লোকমান হোসেন। এরপর ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করা হয় তার বাদী কামরুজ্জামান। প্রার্থীর নাম ঘোষণা করে নজরুল ইসলাম হিরু বলেন, “দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও উপদেষ্টা পরিষদ মেয়র পদে কামরুজ্জামানকে দলীয় সমর্থন দিয়েছে।” এ সময় সেখানে কয়েকশ’ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সাংসদ জহিরুল হক মোহন ও আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, দলের জেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। আগামী ১৯ জানুয়ারি নরসিংদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হচ্ছে। নরসিংদী শহর আওয়ামী লীগ সভাপতি ও লোকমান হত্যা মামলার চতুর্থ আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াসহ দলটির নয়জন এবং বিএনপি’র তিনজন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৫ ঘ.