ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসে দেশে এক থেকে দুই বার শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, “এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস) মাত্রার শৈত্যপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”
এ সময় নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিসেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রায় সারাদেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ে এবং প্রায় সারাদিনই তা চলতে থাকে। ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ১৭ ডিসেম্বর দেশে সর্বনিু তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়।
এদিকে ভারতে ঘূর্ণিঝড় ‘থেইন’-এর প্রভাবে রোববার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা দুই থেকে তিনি ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী জানুয়ারিকে শীতলতম মাস ধরা হয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।”
রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদীকোর্টে সর্বোচ্চ পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লায় ৪ মিলিমিটার; যশোর ও টাঙ্গাইলে ৩ মিলিমিটার; ঢাকা, চুয়াডাঙ্গা, সিলেট ও সাতক্ষীরায় ২ মিলিমিটার এবং শ্রীমঙ্গল, চাঁদপুর, ঢাকা, খুলনা, মংলা, রাজশাহী ও ঈশ্বরদীতে ১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়।
সৈয়দপুর, হাতিয়া, কক্সবাজার, বগুড়া, বরিশাল ও পটুয়াখালীতেও হালকা বৃষ্টি হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কক্সবাজারে। দিনাজপুরে সর্বনিু তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিু তাপমাত্রা ছিলো ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৯০১ ঘ.
bdnews24