২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অনশন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফল কারচুপির অভিযোগ এনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাঁচটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অনশন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

গাইবান্ধা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফল কারচুপির অভিযোগ এনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাঁচটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অনশন করেছে। সোমবার সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ চত্বরে আমরণ অনশন শুরু করে দেড় শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল লতিফ খান এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ২টায় অনশন ভঙ্গ করে তারা। অনশনকারীদের অভিযোগ, উপজেলায় আগের বছরগুলোতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে ভালো হয়। এ কারণে প্রাথমিক এবার সরকারি স্কুলের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটিয়েছে। জুমাবাড়ী আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের শিক্ষার্থী আহসান হাবীব এবং শিমুল তাইড় শিশু নিকেতনের সাদিয়া খাতুন জানায়, অন্য পাঁচটি বিষয়ে জিপিএ ৫ করে থাকলেও সমাজ বিজ্ঞানে সবাইকে দেওয়া হয় জিপিএ ৩ দশমিক ৫। সাঘাটা শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু থেকেই কিন্ডারগার্টেন শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত কোনো কর্মকা-ে অংশগ্রহণের সুযোগ নেই। তাদের দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নও করা হয় না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল আমিন ম-ল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউএনও আব্দুল লতিফ খান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ নেই। “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১১৫ ঘ.