২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পরিদর্শকরা প্রথম শ্রেণীর কর্মকর্তা হচ্ছেন

পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার ঘোষণা আসছে এবারের পুলিশ সপ্তাহেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার ঘোষণা আসছে এবারের পুলিশ সপ্তাহেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০১২ উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে এই ঘোষণা আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশে ১ লাখ ৪২ হাজার সদস্যের মধ্যে প্রায় দেড় হাজার পরিদর্শক রয়েছেন। পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের পদটিকে প্রথম শ্রেণী করার দাবি জানিয়ে আসছিলেন। গত বছর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে পরিদর্শকদের প্রথম শ্রেণীতে (নন ক্যাডার) উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। ২০১১ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার পুলিশ সপ্তাহে পুলিশ ও র‌্যাবের ৫৯ সদস্যের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে দুজনকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ভাষণ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সম্মেলন, অপরাধ সংক্রান্ত সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতা। ৭ জানুয়ারি জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) রাউন্ড আপ কনফারেন্সের মাধ্যমে পাঁচ দিনের পুলিশ সপ্তাহ শেষ হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি পুলিশ সদস্যদের আরো দক্ষ ও কৌশলী এবং প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সময়ের পরিবর্তনে অপরাধের ধরন, প্রকৃতি ও কৌশল পরিবর্তন হয়েছে। অপরাধ দমন এবং শান্তি প্রতিষ্ঠায় তাই পুলিশের প্রতিটি সদস্যকে তথ্যপ্রযুক্তি জ্ঞানসহ অপরাধীদের চিহ্নিত ও তাদের আইনের আওতায় আনতে আরও দক্ষ ও কৌশলী হতে হবে। পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দায়িত্ব পালনে আপনাদের হতে হবে নিরপেক্ষতার মূর্ত প্রতীক। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এ মূলমন্ত্রকে ধারণ করে জননিরাপত্তা বিধানে আপনাদের আরো দক্ষ ও আন্তরিক হয়ে জনগণের আস্থা অর্জনে নিবেদিত হতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এলএইচ/কেটি/এমকে/এমআই/২০১০ ঘ.