ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের মামলায় অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদারের জেরা চলছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যত্রম শুরুর পর সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম দ্বিতীয় দিনের মতো মোস্তফা হওলাদারের জেরা শুরু করেন। রোববার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে একাত্তরে পিরোজপুরে সাঈদীর যুদ্ধাপরাধের বর্ণনা দেন হাওলাদার।
ট্রাইব্যুনালকে তিনি বলেন, “পাড়ের হাট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী আসার পর দেলাওয়ার হোসাইন সাইদী ও সেকান্দার শিকদার তাদের হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর দেখিয়ে দেয়। এর পরই শুরু হয় লুটপাট অগ্নিসংযোগ।”
মুক্তিযুদ্ধের সময় পাড়ের হাট বাজারে ছোলা-মুড়ি বিক্রি করতেন বলে আদালতকে জানান মোস্তফা হাওলাদার।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়।তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১২৪৫ ঘ.
bdnews24