২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ভাংচুর, আটক ১৬

অপহৃত পাঁচ বাঙালি জেলে প্রায় একমাসেও উদ্ধার না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভাংচুর ও পুলিশর ওপর হামলা করেছে একদল বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

রাঙামাটি, জানুয়ারি ০১ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত পাঁচ বাঙালি জেলে প্রায় একমাসেও উদ্ধার না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভাংচুর ও পুলিশর ওপর হামলা করেছে একদল বিক্ষোভকারী। রোববার দুপুরের এই ঘটনায় ১৬ জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। গত ৪ ডিসেম্বর রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্ত এলাকায় কর্ণফুলী নদীর জিরো পয়েন্টে মাছ ধরতে গিয়ে অপহৃত হয় পাঁচ বাঙালি জেলে। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই অপহরণের প্রতিবাদে দুপুর ১২টার দিকে উপজেলা সর্বদলীয় বাঙালি ঐক্য পরিষদ পৌরসভা থেকে জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে জেলা প্রশাসনের কার্যালয়ে ঢুকে তারা কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। হামলা চালায় পুলিশের ওপরও। তিনি নিজেও (সাইফুল) হাতে আঘাত পান বলে জানান। ওসি জানান, সরকারি অফিস-আদালত ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শহরের ফিশারি ঘাট থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। একই অভিযোগে পুলিশ দ্রুত বিচার আইনে মামলাও করেছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩৬ ঘ.