কিশোরগঞ্জ, ০১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে পাকুন্দিয়ার সুখিয়া বাজার থেকে শামীম আহমেদকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাকুন্দিয়া থানা ওসি আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শামীমের স্ত্রী শামীম আরা সাথী আদালতে একটি মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার আদালতে এ মামলার শুনানি হবে বলে জানান তিনি।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৬ সালে একই উপজেলার বারাবর গ্রামের সাফি উদ্দিনের মেয়ে ব্র্যাকের মাঠকর্মী সাথীকে বিয়ে করেন শামীম।
কিছুদিন আগে থেকে শামীমের সঙ্গে এক কলেজ ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে শামীম এক লাখ টাকা যৌতুক চেয়ে সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে মারধর করে সাথীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
তাদের আড়াই বছর বয়সী এক মেয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24