২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যানের দপ্তরে ইউপি চেয়ারম্যানদের তালা

প্রকল্পের ফাইলে স্বাক্ষর না করায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা দিয়েছেন ক্ষুদ্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঝিনাইদহ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকল্পের ফাইলে স্বাক্ষর না করায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা দিয়েছেন ক্ষুদ্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ১১জন ইউপি চেয়ারম্যান এ ঘটনা ঘটান। এ সময় উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার দপ্তরে উপস্থিত ছিলেন না। শৈলকুপা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দিগনগর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম সাংবাদিকদের জানান, গত অক্টোবরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) গম বরাদ্দ আসে। ২৭ ডিসেম্বর মাসিক সভায় টিআর প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়। ফাইলটি স্বাক্ষরের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠানো হলে তিনি তাতে স্বাক্ষর না করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে ফেরত পাঠান। “নায়েব আলী জোয়ার্দ্দার ফোন করে প্রতিটি ইউনিয়নের বরাদ্দকৃত গম থেকে ৩-৪ টন গম দাবি করেন। না দিলে তিনি ফাইলে স্বাক্ষর করবেন না বলে পরিস্কার জানিয়ে দেন।” তোজাম দাবি করেন, টিআর প্রকল্পের গম ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্ধ দেওয়া হয়ে গেছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানানো হলেও তিনি ইউপি চেয়ারম্যানদের কথায় কোনো কর্ণপাত করেননি। এ কারণেই ইউপি চেয়ারম্যানরা ক্ষুদ্ধ হয়ে তার দপ্তরে তালা দেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তালা লাগানো থাকবে বলে জানান তোজাম। উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার সাংবাদিকদের কাছে গম দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, “গম পেয়ে চেয়ারম্যানরা ঠিকমতো কাজ করে না, লুটপাট করে খায়। তাই টিআর ফাইলে স্বাক্ষর করিনি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক জানান, ঘটনার সময় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সভায় ছিলেন। তালা খোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৪ ঘ.