২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নিলেন জামায়াতের আইনজীবী ফখরুল

জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম জামিন পেয়েছেন। রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা তা মঞ্জুর করেন। ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর মানিক জামিন পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৯ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াত নেতাদের আইনজীবী ফখরুল ২০১০ সালের ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে নয়।” বিতর্কিত ওই মন্তব্যের পর ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদরুল আলম চৌধুরী। এতে বাদী ও মুক্তিযোদ্ধাদের মানহানি করার অভিযোগ আনা হয়। ওই বক্তব্যের কারণে ফখরুলের বিরুদ্ধে টাঙ্গাইল, নওগাঁ ও ময়মনসিংহেও মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৩১ ঘ.