২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারিত হয়েও মুক্তি পাননি তারা

বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে ভারতের বিভিন্ন গ্রামে লুকিয়ে রাখা হয় দু’জনকে। ফিরে এসে আদালতে জবানবন্দি দিয়ে এখন হত্যার হুমকির মুখে পড়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে ভারতের বিভিন্ন গ্রামে লুকিয়ে রাখা হয় দু’জনকে। ফিরে এসে আদালতে জবানবন্দি দিয়ে এখন হত্যার হুমকির মুখে পড়েছেন তারা। সাভারের সাদাপুর বাকটারটেকের ওই দুই ব্যক্তি হলেন, কৃষক জবেদ আলী (৩৫) ও গাড়ি মিস্ত্রী বাহারউল্লা (২৭)। বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম তৈয়বুল হাসানের আদালতে জবানবন্দিতে তারা ঘটনা তুলে ধরেন। জবানবন্দিতে তারা বলেন, একই এলাকার নূরুল ইসলাম (৪৬), মামুন খান (৩৬), শুকুর (৩৭) ও রোকসানা (৩৮) প্রথমে তাদের ইরাকে পাঠানোর কথা বলে গত বছরের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কয়েক কিস্তিতে তাদের কাছ থেকে দুই লাখ টাকা এবং তাদের পাসপোর্ট নেয়। তাতে ব্যর্থ হয়ে ভুটানে পাঠানোর নাম করে আরো চার লাখ টাকা নেয় তারা। ইরাকে পাঠাতে ব্যর্থ হওয়ার পর লিখিত চুক্তিপত্রের মাধ্যমে কিছু টাকা ফেরতও দেয় তারা। গত অক্টোবরে দুর্গা পূজার সময় তাদের বাসে করে পঞ্চগড়ের হিলি সীমান্ত দিয়ে পূজারি সাজিয়ে ভারতে পাচার করা হয়। এরপর ভারতের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে তাদের লুকিয়ে রাখা হয়। গত ১৩ ডিসেম্বর তারা বাংলাদেশে ফিরে আসার সময় বর্ডার গার্ড সদস্যদের হাতে ধরা পড়েন। এ ঘটনায় পঞ্চগড়ের বোদা থানায় বর্ডার গার্ড আইনে মামলা হয়েছে বলেও জানান তারা। ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার আগে গত বছরের ১৯ অক্টোবর ঢাকার আদালতে প্রতারক চক্রের বিরুদ্ধে বাহারের মা নয়নতারার প্রতারণা ও অপহরণের মামলা করেন। বাদী নয়নতারা সাংবাদিকদের বলেন, জবেদ ও বাহার আদালতে জবানবন্দি দিয়ে গ্রামের বাড়ি সাভারের সাদাপুরে যাওয়ার পথে চক্রের হাতে লাঞ্ছিত হন। এ সময় তাদের হত্যার হুমকিও দেওয়া হয়। আদালতের নির্দেশে মামুন খান গ্রেপ্তার হলেও রোকসানা, নূরু ও শুকুর আদালতে আতœসমর্পণ করে জামিন নিয়েছে বলেও জানান তিনি। নয়নতারা অভিযোগ করেন, জামিনের পর থেকেই তারা নানাভাবে তাকে হুমকি দিয়ে আসছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সামশুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চক্রটি এর আগেও বিদেশে পাঠানোর কথা বলে এলাকার অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবশ্য প্রধান আসামি নূরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কোনো আদম ব্যবসায়ী নই। এ রকম ব্যবসার কোনো লইসেন্সও আমার নেই। আমি বা এই মামলার কোনো আসামি বিদেশে পাঠানোর নাম করে কোনো টাকা নিইনি।” বাদী পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব হাসান রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/১৯২৪ ঘ.