ফরিদপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী কবি জসিম উদ্দীনের ১০৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনে।
রোববার সকালে ফরিদপুর শহরতলীর গোবিন্দপুরে পল্লী কবির সমাধিতে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এরমধ্যে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসিম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, আনছার উদ্দীন উচ্চ বিদ্যালয় ও উড়ানী নাট্যদল।
শ্রদ্ধা নিবেদন শেষে কবির বাড়ির আঙিনায় জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, আবুল ফয়েজ শাহনেওয়াজ, কবিরুল ইসলাম সিদ্দিকী, জাহিদ বেপারী প্রমুখ আলোচনায় অংশ নেন।
জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১২ জানুয়ারি থেকে কবির বাড়ির সামনে কুমার নদের চরে জসিম উদ্যানে পক্ষকালব্যাপী জসিম পল্লীমেলা শুরু হচ্ছে।
এই মেলায় প্রতিদিন জসিম মঞ্চে দেশের শতাধিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিরবেশন করবে। মেলায় থাকবে দেশীয় নানা পণ্যের পসরা দিয়ে সাজানো দুই শতাধিক স্টল।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জসিম উদ্দীনের জন্ম হয়।
ডালিম গাছটি নেই
কবির বিখ্যাত ‘কবর’ কবিতায় একটি ডালিম গাছের কথা বলা আছে। এ কবিতার প্রথম দুই পংক্তি হলো- ‘এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে’।
১৯৭৬ সালের ১৪ মার্চ জসিম উদ্দীনের মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তখন ওখানে একটি ডালিম গাছ রোপন করা হয়েছিল। কিন্তু গাছটি কবে মারা গেছে কেউ খেয়ালও করেনি।
তবে জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ আরেকটি চারা লাগানো হবে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24