ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের বিভিন্ন আদালতে বর্তমানে মাদকদ্রব্য সংক্রান্ত ৪৪ হাজার ৪৮৮টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
২০০৯ থেকে চলতি ২০১১ সালের অক্টোবর মাস পর্যন্ত গত তিন বছরে মামলার নিষ্পত্তি হয়েছে মাত্র ৬ হাজার ৪৮টি। এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে ৩ হাজার ৩৮৮ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দেন।
সাক্ষীর অভাবে মাদক সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
এটি ছিল বর্তমান সরকারের সময়ে এ বোর্ডের প্রথম সভা। ২০০৯ সালের জানুুয়ারি মাসে বর্তমান সরকার দায়িত্ব নিলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড পুনর্গঠন হয় ২০১১ সালের অগাস্ট মাসে।
তবে অন্য সরকারগুলোর সময়ে আরো ১১টি সভা হয়েছে এ বোর্ডের।
বোর্ড গঠনে বিলম্ব এবং বোর্ড গঠনের চার মাস পর প্রথম সভা করার জন্যও দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যুব সমাজকে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখার কৌশল নির্ধারণে এই বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে প্রতি তিন মাস পরপর এ বোর্ডের সভা হবে। তবে পরবর্তী সভা হবে আগামী এক মাসের মধ্যেই।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রচারণা কার্যক্রম জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি করে একে আরো শক্তিশালী, গতিশীল ও আধুনিক করা, দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে জানান সাহারা।
তিনি বলেন, দেশে বর্তমানে সরকারি চারটি এবং বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) তত্বাবধানে ৬৫টি মাদক নিরাময় কেন্দ্র পরিচালনা হচ্ছে। বেসরকারি সংস্থাগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া ছাড়াও সরকারি তত্বাবধানে নতুন মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মাদক সংক্রান্ত মামলায় বিভিন্ন কারাগারের থাকা ব্যক্তিদের জন্যও বিশেষ মাদক নিরাময় কার্যক্রম শুরু করা হবে।
মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালী করতে পুরোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, মন্ত্রী বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য তারানা হালিম ও স্বরাষ্ট্র সচিব মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24