গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী এলাকায় রোববার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত মো. আবু জাহিদ সরকার (৫৫) নেত্রকোনার মজিহাটি গ্রামের মৃত মনির উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর রূপবানের মাঠ টেক এলাকার ভাড়া বাসা থেকে ভোর ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসা থেকে বের হওয়ার পর টঙ্গীর মধুমিতা রেল গেইট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
জাহিদের পেটের বাম পাশে দুটি এবং বাম গালে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জাহিদকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে টঙ্গী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
জাহিদের কর্মস্থল দাউদকান্দি হলেও তিনি টঙ্গীতে থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24