২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গাড়ি ডোবায়, নিহত ৭

নোয়াখালীর সোনাইমুড়িতে একটি প্রাইভেটকার ডোবায় পড়ে শিশুসহ সাত জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

নোয়াখালী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়িতে একটি প্রাইভেটকার ডোবায় পড়ে শিশুসহ সাত জন নিহত হয়েছে। সোনাইমুড়ি-লাকসাম সড়কের নাওতলা এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গাড়িটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিলো। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোয়াখালীগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে দুই শিশুসহ এর সাত আরোহী মারা গেছেন। নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী মোস্তফা মিয়া, তার মেয়ে সোহাগী ও শ্রাবণী, মোস্তফার নাতি সাদাফ এবং শ্যালকের মেয়ে মিলি। নিহত অন্য দুজনের মধ্যে এক জন গাড়িচালক বলে পুলিশের ধারণা। নিহতের স্বজনরা জানান, মোস্তফা মিয়া তার মামার জানাজায় অংশ নিতে নোয়াখালী সদরের দত্তেরহাট যাচ্ছিলেন। লাশগুলো উদ্ধারের পর সোনাইমুড়ি থানায় রাখা হয়েছে বলে ওসি জানান। স্থানীয়রা জানায়, খুব ভোরে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় কয়েকজন ডোবায় গাড়ি দেখেন। এরপর মসজিদের মাইকে খবর দিয়ে স্থানীয় লোকজন ডেকে এনে লাশগুলো উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৩ ঘ.