গাজীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও সিরাজগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
এরমধ্যে রয়েছেন গাজীপুরের কালিয়াকৈরে দুইজন এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একজন।
গাজীপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় মৌচাক-ফুলবাড়িয়া সড়কে ফটিক মার্কেট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে দুই আরোহী অনিক হাসান (২২) ও নাহিদ হোসেন (২০) নিহত হন। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার রাবাব এলাকায়।
এছাড়া আহত অপর আরোহী সোহেল রানাকে গুরুতর অবস্থায় গাজীপুর সদর পাসপাতালে পাঠানো হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধ জানান, রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে কোনাবাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতরা হলেন পাবনা চাটমোহরের রবি (২৮), আঁখি (২৫), শাহজাদপুরের চালা শাহবাজপুরের ফাহাদ বিন হাবিব (২৬), নুকালী গ্রামের আশরাফ আলী ও আনুমানিক ৪৫ বছর বয়স্ক এক পুরুষ। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩১ ঘ.
bdnews24