২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান কবিতা নৃত্যে নগরীতে শরৎ উৎসব

শারদীয় গান কবিতা আর নৃত্যের মধ্যে দিয়ে শরৎ উৎসব উদযাপন করলো সত্যেন সেন শিল্পী সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় গান কবিতা আর নৃত্যের মধ্যে দিয়ে শরৎ উৎসব উদযাপন করলো সত্যেন সেন শিল্পী সংস্থা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে এই উৎসবের একপাশে চলে শারদীয় গান। অন্যপাশে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে, আজি শারদও প্রাতে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি- এমন আরো অনেক গানের সুরে বাংলা পঞ্জিকার তৃতীয় ঋতুর রূপ ফুটিয়ে তোলেন শিল্পীরা। অন্যদিকে শিশু-কিশোরদের তুলিতে কাগজের বুকে ফুটে ওঠে বাংলার শরদীয় রূপ। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পি মনিরুজ্জামান। লেখক অধ্যাপক হায়াৎ মামুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ষড়ঋতুর এই দেশে শরৎ যেন তার কাছে দ্বিতীয় বসন্ত। নগরের ছোট্ট শিশুরা বাংলার এই ঋতু বৈচিত্র সম্পর্কে জানতে পারছে না উল্লেখ করে উপাচার্য বলেন, "এ দায় আমাদের, আমরা তাদের কিছু দিতে পারছি না, কেবল চার দেয়ালের মাঝে বন্দি করে রাখছি।" হায়াৎ মামুদ বলেন, "সব ধর্মীয় উৎসবে সবাই একত্রিত হতে না পারলেও আমাদের প্রকৃতগত কিছু অনুষ্ঠান রয়েছে, যা আমাদের মেলবন্ধন বাড়িয়ে দেয়।" এই বন্ধনকে টিকিয়ে রাখার জন্য, এ ধরনের উৎসবকে বুকে ধারণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। দুই পর্বের এ উৎসবের প্রথম পর্ব চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ৫টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮০৪ ঘ.