জামালপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন ডাকাতি এবং চার জনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার ও নিহত দুই ছাত্রের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর জিআরপি থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, বুধবার রাতে জেলা পুলিশের সহায়তায় ঢাকার কারওয়ান বাজার ও জামালপুরের ইসলামপুর থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়।
এর হলেন- এরশাদ হোসেন (২৪), সাবদুল ইসলাম (১৬) ও মোজাম্মেল হক (৪০)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ওসি জানান, ৭ সেপ্টেম্বর রাতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীনা ও ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে উঠে ডাকাতরা যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র প্রিতম বিশ্বাস এবং তার বন্ধু রেজাউল করিম বাবুসহ চার যাত্রীকে হত্যা করে লাশ ট্রেন থেকে ফেলে দেয় ডাকাতরা।
পরদিন সকালে রেলওয়ে পুলিশ জামালপুর-ময়মনসিংহ লাইনের বিভিন্ন স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওসি খন্দকার শাকের বাদী হয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছে যে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে, সেগুলো প্রিতম ও রেজার।
ডাকাত চক্রের বাকি সদস্যদের ধরতে সারা দেশে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৩৯ ঘ.
bdnews24