নরসিংদী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র নরসিংদী জেলার নবগঠিত কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
প্রায় পনের দিন আগে বিএনপি নেতা ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকনকে সভাপতি ও তোফাজ্জল মাস্টারকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। কেন্দ্র থেকে এই কমিটি ঘোষণার পর পরই অপর পক্ষ বিরোধিতা করে আসছে।
ওই কমিটির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিএনপি'র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ইরানের নেতৃত্বে একটি ঝাড়– মিছিল বের হয়। মিছিলটি সাটিরপাড়া সুরভী সিনেমা হলের সামনে থেকে বের হয়ে বিভন্নি সড়ক প্রদক্ষিণ শেষে সূতাপট্টির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে মেজবাহ উদ্দিন ইরান ও বাবুল সরকার বক্তব্য রাখেন। সেখান থেকে পরে আবার মিছিলটি সাটিরপাড়ার দিকে যায়।
এ সময় তারা তারা কমিটি বাতিলের দাবি জানান এবং খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা দাহ করেন । এর ঠিক কিছুক্ষণ পরেই খোকনের পক্ষের লোকজন শহরে মিছিল করে। দুটি মিছিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সংঘর্ষ শুরু হয়।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছে।
আহত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) হাসমতউল্লাহ, কনস্টেবল জিয়াউল হক, কনস্টেবল সানোয়ার, কনস্টেবল সেলিমকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি'র আহত নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।
ঢাকায় অবস্থানরত খায়রুল কবীর খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা যোগ্য তারাই কমিটিতে স্থান পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৭ ঘ.
bdnews24