চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় মাসে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আটক করা ৪ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-৭ এর সদর দপ্তরে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ ৪৩ হাজার টাকা। গত ১২ এপ্রিল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত র্যাব-৭ বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য আটক করে।
মাদক ধ্বংসের সময় চট্টগ্রামের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম মিয়া, নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মঞ্জুর মোর্শেদ, র্যাব-৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু হেনা মো. মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১ হাজার ১৭২ ক্যান বিয়ার, ৫২৮ বোতল বিদেশি মদ, ৩০ লিটার চোলাই মদ, ৬৩২ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৮৮৮টি ইয়াবা ট্যাবলেট, ৯৫০ গ্রাম হেরোইন, ৯৫০ গ্রাম অ্যামফেটামিন, ১১১ বোতল রিকোডেক্স।
এ ছাড়া ৫ হাজার ৪৮৮টি পাইরেটেড সিডি ও ভিসিডিও ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/এএল/২১৫২ ঘ.
bdnews24