২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পতন ঠেকাতে শেয়ার কেনার' প্রস্তাবে ডিএসই সম্মত

দরপতন ঠেকাতে উদ্যোক্তা ও পরিচালকরা যাতে একটি নির্দিষ্ট দামে নিজেদের কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন, সে বিষয়ে একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন ঠেকাতে উদ্যোক্তা ও পরিচালকরা যাতে একটি নির্দিষ্ট দামে নিজেদের কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন, সে বিষয়ে একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ (ডিএসই)। বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠক শেষে জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম টিটো সাংবাদিকদের বলেন, "কোম্পানির নিজের শেয়ার কিনে নেওয়ার প্রস্তাবে ডিএসই সম্মতি দিয়েছে। এখন এটি অনুমোদনের জন্য সিকিউটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠাতে হবে।" তবে ডিএসই পর্ষদ কেবল শেয়ার কেনার বিষয়েই সম্মতি দিয়েছে বলে টিটো জানান। তিনি বলেন, ওই শেয়ার উদ্যোক্তা বা পরিচালকরা কীভাবে বিক্রি করবেন সে বিষয়ে এসইসির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। পুঁজিবাজারে অস্থিতিশীলতা ঠেকাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নেওয়ার এই প্রস্তাব দেয়। এ সংক্রান্ত আইন সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা এসইসিকেও অনুরোধ জানায় তারা। ডিএসই পরিচালক ও বিএপিএলসি সভাপতি সালমান এফ রহমান এর আগে সাংবাদিকদের বলেছিলেন, "শেয়ারের মূল্য কমে যাওয়ায় শেয়ারহোল্ডার ও কোম্পানি উভয়েই ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে যাতে দাম আরো পড়ে না যেতে পারে সেজন্য উদ্যোক্তা পরিচালকেরাই শেয়ার কিনে নেবে।" এই শেয়ার কেনার প্রক্রিয়াটি বহু আলোচিত 'বাইব্যাক' নয় বলেও উল্লেখ করেছিলেন তিনি। বুধবার পর্ষদের বৈঠকের পর সালমান সাংবাদিকদের বলেন, "বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা বিনিয়োগকারীদের মার্জিন লোনের ক্ষেত্রে বেইল-আউট দেওয়ার চেষ্টা করছি। কাল এসব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।" মার্জিন লোনের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে বিএপিএলসি সভাপতি বলেন, "আশা করছি, বৃহস্পতিবারই ঘোষণা দিতে পারবো।" বৃহস্পতিবার দুপুর ১টায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি। বাজার চাঙ্গা থাকার সময় বিভিন্ন মার্চেন্ট ব্যাংক থেকে মার্জিন ঋণ নিয়ে শেয়ার কেনার পর বাজার পড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারীই বিপাকে পড়েন। শেয়ারের দাম কমে যাওয়ায় তারা তা বিক্রি করতে পারছেন না। অন্যদিকে তাদের ঋণের সুদও বাড়ছে। আবার মার্চেন্ট ব্যাংকগুলোর টাকাও আটকে থাকছে। এই পরিস্থিতিতে এক ধরেনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে বাজারে। এই অচলাবস্থা কাটানোর পাশাপাশি অতিমূল্যায়িত, জেড ক্যাটাগরি ও স্বল্প মূলধনের শেয়ার আলাদা একটি বোর্ডে লেনদেনের ব্যবস্থা করার জন্য ডিএসইকে প্রস্তাব দিয়েছে বিএপিএলসি। এছাড়া ডিএসইর সূচক সংশোধনেরও সুপারিশ করেছে সংগঠনটি। আহসানুল ইসলাম টিটো জানান, এ দুটি প্রস্তাবের বিষয়ে ডিএসই পর্ষদের আগামী বৈঠকে আলোচনা হবে। ডিএসই সভাপতি শাকিল রিজভী, এফবিবিসিআই সভাপতি এ কে আজাদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২১২৮ ঘ.