২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামে মিল থাকায় আটক অবৈধ নয় কেন: হাইকোর্ট

নামে মিল থাকায় একটি মামলায় তরুণ কান্তি দে নামের এক ব্যক্তিকে আটক করা কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামে মিল থাকায় একটি মামলায় তরুণ কান্তি দে নামের এক ব্যক্তিকে আটক করা কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তরুণ কান্তি দে'র অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করে। মূল মামলার আসামিকে চিহ্নিত করতে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দিয়েছে আদালত। স¤প্রতি একটি জাতীয় দৈনিকে 'শুধুমাত্র নামের মিল থাকায় নিরপরাধ ব্যক্তির কারাভোগ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের কপি যুক্ত করে কারাবন্দি তরুণ কান্তি দে'র আটকের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে রিট আবেদনটি করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন। ইকবাল কবির বলেন, শুধু নামে মিল থাকায় তরুন কান্তি দে-কে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর অনুসারে মুল আসামির নাম তরুণ কুমার দে। রিট আবেদনে বলা হয়, তরুন কুমার দে নামের এক ব্যক্তি একটি ছিনতাই মামলায় ২০০৮ সালের ৩ মার্চ গ্রেপ্তার হন। তিন মাস পর জামিন পান তিনি। এরপর থেকে তিনি পলাতক আছেন। শুনানি শেষে ওই মামলায় গত বছরের ১০ জানুয়ারি বিচারিক আদালত আসামির তিন বছরের সাজা দেন। এরপর গত ৯ সেপ্টেম্বর তরুণ কান্তি দে-কে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাভোগ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১০৫ ঘ.