নাটোর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকার পর দেখা না করায় নাটোরে এক ইউনিয়ন পরিষদ সদস্য এক স্কুল শিক্ষককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ এবং নাটোর-নাজিরপুর সড়ক অবরোধ করেছে।
মারধরের শিকার আব্দুল কুদ্দুস (৪৮) নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।
বুধবার সাকলে উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে হালসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য খোরশেদ আলম (২৭) লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠান। ওই সময় তিনি হালসা বাজারে নিজস্ব লাইব্রেরিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন বলে খোরশেদের বাড়িতে না গিয়ে বরং তাকে লাইব্রেরিতে দেখা করতে বলেন।
"এতে ওই ইউপি সদস্য আমাকে কলার ধরে টেনে লাইব্রেরির বাইরে নিয়ে শিক্ষার্থী ও কয়েকশ' মানুষের সামনে জুতা দিয়ে পেটাতে থাকেন," বলেন শিক্ষক কুদ্দুস।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খোরশেদ এক সময় তার ছাত্র ছিলেন বলেও জানান তিনি।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষককে জুতাপেটার খবর পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা হালসা বাজারে বিক্ষোভ মিছিল এবং বাজার সংলগ্ন নাটোর-নাজিরপুর সড়ক অবরোধ করে।
দুপুর সোয়া ১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ওই শিক্ষক থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে অভিযুক্ত খোরশেদ আলম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যারের বিরুদ্ধে এক মহিলা আমার কাছে নালিশ করেছিলো। সে ব্যাপারে তাকে ডেকেছিলাম। তিনি না এসে উল্টো আমাকে গালাগাল করায় মাথা গরম হয়েছিল।
"তাই তাকে টানাহেঁচড়া করেছি, মারিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24