২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা জলাবদ্ধতা থেকে মুক্তি চান

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ওই এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ বুধবার দুপুরে এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা জলাবদ্ধতা নিরসনে মহেশখালের মুখে স্লুইস গেট নির্মাণের দাবি জানান। আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও কালচারাল অ্যাসোসিয়েশন (আরসকা) আয়োজিত মানবন্ধনে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পাশের এলাকার চেয়ে নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। "সিডিএ আবাসিক এলাকার পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে মহেশখাল প্রবাহিত হওয়ায় জোয়ারের সময় খালের পানি এলাকায় ঢুকে পড়ে। মহেশখালের উৎস মুখ নগরীর সল্টগোলা এলাকায় স্লুইস গেট অথবা টাইডাল রেগুলেটরি গেট নির্মাণ করা হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব", যোগ করেন তিনি। স্থানীয় আগ্রাবাদ মহিলা কলেজ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ ন্যাশনাল একাডেমিসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোয়ারের পানি ঢুকে পড়ায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে আরাসকার জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল মান্নান মজুমদার, ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম রানু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এএল/১৯১৮ ঘ.