ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক স্বাধীনতা না থাকায় তথ্য কমিশন গতিশীলতার সঙ্গে কাজ করতে পারছে না বলে জানিয়েছেন এক তথ্য কমিশনার।
তথ্য কমিশনার মো. আবু তাহের বুধবার এক অনুষ্ঠানে আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ ক্ষেত্রে স্বাধীনতার দাবি জানান।
তিনি বলেন, "অন্যান্য কার্যক্রম পরিচালনায় স্বাধীন হলেও বিভিন্ন প্রয়োজনে অর্থ খরচের ব্যাপারে কমিশন স্বাধীন নয়। একটি কম্পিউটার কেনার জন্যও কমিশনকে আলাদাভাবে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের জন্য অপেক্ষা করতে হয়।"
"কেনাকাটাসহ অন্যান্য বিভিন্ন প্রয়োজনে বারবার অর্থ মন্ত্রণালয়ে যেতে হয়," উল্লেখ করে আবু তাহের বলেন, "ব্যাপারটি সময়সাপেক্ষ এবং এটা কমিশনের কার্যক্রমকে ধীর করে দেয়।"
বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১১ উপলক্ষে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক গোলটেবিলে এসব কথা বলেন তিনি।
২০০৯ সালের ১ জুলাই থেকে দেশে তথ্য অধিকার আইন কার্যকর রয়েছে। কমিশনে গত ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত পাওয়া ২৩টি অভিযোগের সাতটির নিষ্পত্তি হয়েছে।
তথ্য কমিশনার তাহের প্রশ্ন করেন, "একটা মন্ত্রণালয় চালানোর জন্য যেখানে কোটি কোটি টাকা খরচ করা হয় আর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেখানে নিজেরা সেই টাকা খরচ করার ক্ষমতা রাখেন সেখানে আমরা কেন সেটা পারবো না?"
তথ্য অধিকার আইন ভঙ্গে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কমিশনের নির্বাহী ক্ষমতার পাশাপাশি বিচারিক ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।
একই সঙ্গে তিনি বিচারিক প্রতিষ্ঠানগুলোতেও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেন।
তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে অষ্টম ও নবম-দশম শ্রেণীর পাঠ্যতালিকায় তথ্য অধিকার আইন সম্পর্কিত একটি বিশেষ অধ্যায় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।
"এ সম্পর্কিত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।"
গোলটেবিলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
যে কোনো দপ্তরের তথ্য চাওয়া যায়
তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তথ্য অধিকার আইনের আওতায় যে কোনো সরকারি/বেসরকারি দপ্তরের তথ্য চাওয়া যেতে পারে।
তবে কোনো ব্যক্তিগত তথ্য, রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ তথ্য, কপিরাইট বা বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য, আদালত অবমাননার শামিল বিচারাধীন বিষয় সম্পর্কিত কোনো তথ্য, ইত্যাদি প্রকাশ বা প্রদান তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৭ ধারা অনুযায়ী বাধ্যতামূলক নয়।
ওই ধারার আওতায় কোনো তথ্য প্রদান স্থগিত রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের অনুমতি নিতে হবে।
তথ্য কমিশন যে কোন নাগরিকের কাছ থেকে তথ্য না পাওয়া সংক্রান্ত অভিযোগ নিয়ে থাকে। তথ্য কমিশনের মূল কাজ হলো সব সরকারি ও বিদেশি সাহায্যপুষ্ট সব বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য পেতে জনগণকে সহায়তা এবং প্রতিষ্ঠানগুলোকে তথ্য দেওয়ায় উৎসাহিত ও বাধ্য করা।
তথ্য না পাওয়া সংক্রান্ত অভিযোগেরও নিষ্পত্তি করে থাকে কমিশন। কেউ মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে এ কমিশন।
তথ্য দেওয়ার সময়সীমা
তথ্য অধিকার আইনের ৯ ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ২০ দিনের মধ্যে তথ্য দিতে হবে। তবে তথ্য প্রদানের সঙ্গে একাধিক তথ্য প্রদান ইউনিট জড়িত থাকলে ৩০ দিনের মধ্যে এবং চাওয়া তথ্য কোনো ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেপ্তার এবং কারাগার থেকে মুক্তি সম্পর্কিত হলে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য সরবরাহ করতে হবে।
১৭৬৬ সালে সর্বপ্রথম ফিনল্যান্ড তথ্য অধিকার আইন প্রবর্তন করে। ফিনল্যান্ড তখন সুইডেনের সীমানাভুক্ত ছিলো। পরে বাংলাদেশসহ ৮০টিরও বেশি দেশ এ তথ্য জানার অধিকারকে আইনের স্বীকৃতি দিয়েছে।
তথ্য অধিকার প্রতিষ্ঠায় ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য আন্দোলনকর্মীরা মিলিত হয়ে প্রথম আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিন্ধান্ত নেয়।
তখন থেকে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৮৩৯ ঘ.
bdnews24