২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্ঘটনায় শুধু চালককে দায়ী করলে হবে না'

নৌপরিবহনমন্ত্রী বলেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণে অনেক আইন থাকলেও এগুলোর প্রয়োগ সবসময় যথাযথভাবে হয় না। এ কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপরিবহনমন্ত্রী বলেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণে অনেক আইন থাকলেও এগুলোর প্রয়োগ সবসময় যথাযথভাবে হয় না। এ কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। "এর জন্য শুধু গাড়ির চালককে দায়ী করলেই হবে না," মন্তব্য করে নৌমন্ত্রী শাজাহান খান বুধবার বলেন, "যাত্রীদেরও পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে।" চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে আরো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা: সমস্যা ও করণীয়' শিরোনামের এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী। গত ১৩ অগাস্ট এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর লাইসেন্সহীন বা ভুয়া লাইসেন্সধারী চালকের গাড়ি চালানোর বিষয়টি গণমাধ্যমে আলোচনায় উঠে আসে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খানের চাপে এরকম কয়েক হাজার লাইসেন্স দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তবে নৌমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন। শাজাহান খান বলেন, জ্বালানি হিসেবে সিএনজি (ঘনীভূত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার বেড়ে যাওয়ায় পরিবেশ দূষণ কমলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। "বর্তমানে শুধু ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে।" সড়কের বিকল্প হিসেবে রেল ও নৌপথকে যুগোপযোগী করে তোলার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, এ লক্ষে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাঁচটি রেলইঞ্জিন এবং চারটি ফেরি কেনা হয়েছে এবং আরো পাঁচটি ফেরি তৈরি করা হচ্ছে। "এছাড়া নৌপথ রক্ষায় তিনটি ড্রেজার কেনা হয়েছে এবং আরো ১৭টি কেনার পরিকল্পনা রয়েছে।" মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড) আয়োজিত এ সেমিনারে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাও উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাহবুবুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সারোয়ার জাহান, অধ্যাপক ড. মাহবুবুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/১৮০৫ ঘ.