২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জেরে দিনাজপুরে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জেরে দিনাজপুরে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার ভোরে জেলা সার্কিট হাউজে কলেজ ছাত্র ও বাস শ্রমিকদের সঙ্গে এক বৈঠকের পর উপজেলা প্রশাসন ও শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন। বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার দুপুরে বাস শ্রমিকরা দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রকে মারধর করলে এর প্রতিবাদে বাস ভাংচুর ও সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেয়। কোতয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে উপজেলা ও পুলিশ প্রশাসন। কিন্তু শ্রমিকরা তাতে উপস্থিত না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মোল্লা মাহমুদ হাসান মঙ্গলবার রাত ৩টায় দিনাজপুর সার্কিট হাউজে ছাত্র এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। ওই বৈঠকে দুই পক্ষের সমঝোতা হলে শ্রমিকরা বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয় বলে ওসি জানান। মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে দূর পাল্লার কোনো গাড়ি ছেড়ে না গেলেও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় বুধবার সকাল থেকে জেলার সব রুটে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করেছে। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক জানান, দিনাজপুর সরকারি কলেজের ছাত্রকে যে শ্রমিকরা মারধর করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ছাত্রদের কাছ থেকে কম ভাড়া নেওয়ার ব্যাপারে পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৭ ঘ.