দিনাজপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাস ভাংচুর ও শ্রমিককে মারধরের' প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
এর আগে দুপুরে বাস শ্রমিকরা এক ছাত্রকে মারধর করার অভিযোগে বাস ভাংচুর ও সড়ক অবরোধ করে ছাত্ররা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাংচুর এবং দিনাজপুর-রংপুর সড়ক অবরোধ করে।
এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল ছাত্রদের বরাত দিয়ে জানান, দিনাজপুর সরকারি কলেজের চারজন ছাত্র দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে বাসে উঠে প্রায় দুই কিলোমিটার দূরে টার্মিনালে নামে।
অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা এক ছাত্রকে মারধর করে।
এ খবর পেয়ে বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজের সামনে দিনাজপুর-রংপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসও ভাংচুর করে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক জানান, ছাত্ররা ভাড়া কম দিলে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কোনো ছাত্রকে মারধর করা হয়নি। বরং ছাত্ররা বাস ভাংচুর এবং বাসের এক চালককে মারধর করেছে।
শ্রমিক নেতা বলেন, দোষী ছাত্রদের বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা দিনাজপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান ও কোতয়ালী থানা ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র ও শ্রমিকদের নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24