২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকবিল্ডিংয়ের সংশোধিত নীতিমালা অনুমোদন

নির্দেশক মূল্য নির্ধারণে অন্তত ২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাধ্যতামূলক করে বহু আলোচিত বুকবিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালা অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দেশক মূল্য নির্ধারণে অন্তত ২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাধ্যতামূলক করে বহু আলোচিত বুকবিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালা অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার কমিশনের বৈঠকে এ নীতিমালা অনুমোদন করা হয় বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে ব্যাপক ধসের পর বুকবিল্ডিং পদ্ধতি প্রশ্ন ওঠে। অর্থমন্ত্রীর নির্দেশে এ নীতিমালা স্থগিত করে সংশোধনের উদ্যোগ নেয় এসইসি। গত ১৭ অগাস্ট সংশোধিত নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রচলিতভাবে প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক নির্দিষ্ট মূল্য নির্ধারণের পর কোনো প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি শুরু হয়, কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ারের নির্দেশক মূল্য কত হতে পারে, তা বিনিয়োগকারীরাই নির্ধারণ করে দেয়। সংশোধিত নীতিমালায় নির্দেশক মূল্য ঠিক করতে হলে ৬টি ক্যাটাগরিতে কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকতে হবে। প্রতি ক্যাটাগরি থেকে আবার কমপক্ষে তিনটি করে প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকতে হবে। একই সময় তারা কি পরিমাণ শেয়ার কিনতে চান, তাও উল্লে¬খ থাকতে হবে। একক প্রতিষ্ঠান হিসাবে কোনো প্রতিষ্ঠান ৫ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না। তবে সংশোধিত নীতিমালায় 'ভ্যালুয়েশন ক্যাপ' থাকছে না। অর্থাৎ নির্দেশক মূল্য নির্ধারণে মূল্য ও আয়ের অনুপাত (পিই রেশিও) ও এনএভির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাইফুর রহমান বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বুকবিল্ডিং পদ্ধতিতে পিই রেশিও ও এনএভির বাধ্যকতার বিরোধিতা এসেছে। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রেও এগুলোর প্রয়োগ দেখা যায় না। তাই কমিশন এটি বাতিল করেছে। সংশোধিত নীতিমালায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্যে ৪০ শতাংশ কোটা রাখা হয়েছে। এখন থেকে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠাগুলোও বিডিংয়ে অংশ নিতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিডকারী কোনো প্রতিষ্ঠানের স্পন্সর বা পরিচালকের সংশ্লিষ্টতা থাকলে তিনি বিডিংয়ে অংশ নিতে পারবেন না। ইস্যু ম্যানেজার কোম্পানিতেও তাদের অংশগ্রহণ থাকতে পারবে না। বুকবিল্ডিং শেষ হওয়ার পরও তা নিয়ে কোনো সন্দেহ হলে বা প্রশ্ন উঠলে এসইসি তা পুনরায় নিরীক্ষা, পর্যালোচনা ও বাতিল করতে পারবে। এ ছাড়া এসইসির সভায় 'প্লেসমেন্ট' সংক্রান্ত নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে। এটি এখন 'নোটিফিকেশন' এর জন্যে পাঠানো হবে। এছাড়া রাইট শেয়ার ইস্যুর একটি খসড়া নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে। এখন এটি জনমত জরিপের জন্য প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/২০২৮ ঘ.