২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইআইইউসি'র উপ-উপাচার্য কারাগারে

পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় গ্রেপ্তার আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিককে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় গ্রেপ্তার আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানা পুলিশ আবু বকর রফিকসহ চার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতাকর্মীকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে বুধবার শুনানির দিন নির্ধারণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ওই চারজনের রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছেন। তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আবু বকর রফিক ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন- গোসাইলডেঙ্গা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইকবাল শরিফ (৩৮), লোহাগড়া উপজেলা জামায়াতের নেতা ও বার আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষক জমির উদ্দিন (২৮) ও শিবিরকর্মী ওসমান গণি (২৮)। পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ইকবাল শরীফকে গোসাইলডেঙ্গা, জমিরকে চকবাজার এবং ওসমান গণিকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইআইইউসি'র উপ-উপাচার্য রফিককে আটক করা হয় শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে। চারজনকেই গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুর এলাকায় পুলিশের ওপর জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, মদদ দেওয়া এবং অর্থ সহায়তা করার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭২৮ ঘ.