গাইবান্ধা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোপালগঞ্জ ও পলাশবাড়ী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রাম থেকে আনিছুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রাম থেকে উদ্ধার করা হয় ওসমান গণি বুলুর (৫৫) লাশ।
আনিছুর গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের হাছেন আলী ছেলে। ওসমান পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়েনর কুমারগাড়ী গ্রামের প্রয়াত নজির হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আনিছুর রাতে আর ফেরেনি। সকালে উপজেলার ছোট জামালপুর বাজারের পাশের জুমারঘর-বাসুদেবপুর সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের জানান, মোবাইলে ফ্লেক্সি লোড করার পাওনা টাকা আদায় করতে রোববার সন্ধ্যায় একই গ্রামের কয়েক যুবক ওসমানের বাড়ি যায়। পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ওসমানকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
জেলা পুলিশ সুপার (এসপি) বাসুদেব বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমান গণির হত্যার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়েছিলো। এ কারণে পুলিশ বিলুে হত্যার ঘটনা জেনেছে।
এসপি জানান, দুটি ঘটনাস্থলই তিনি পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০০ ঘ.
bdnews24