২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে গোলাগুলির পর ১১ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় গোলাগুলির পর সন্দেহভাজন ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 04:13 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী এলাকায় গোলাগুলির পর সন্দেহভাজন ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরররাতে পশ্চিম ধলই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার হয় বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ডাকাতদের ধরতে ওই এলাকায় অভিযানে নেমেছিলো হাটহাজারী পুলিশের একটি দল। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের দলটি রাত পৌনে ৩টার দিকে ধলই গ্রামে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। দুই পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলির পর ১১ ডাকাতকে গ্রেপ্তার করা হয়, বলেন তিনি। ১১ জনের মধ্যে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- জামাল, কাউসার ও শাহীন। বাকি আট জনের নাম জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের কাছ থেকে দুটি এলজি, দুটি দেশি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, চারটি রাম দা, তিনটি চাপাতি ও তিনটি ছুরি পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১০০০ ঘ.