২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবই বিক্রি করেছেন প্রধানশিক্ষক

পাঠ্যবই বিক্রি করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যবই বিক্রি করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। মামলার পর থেকেই পশ্চিম রাকুদিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল বাশার পালিয়ে বেড়াচ্ছেন। বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল বাশার তার বিদ্যালয়ের ১৪টি পাঠ্যবই বিক্রি করেছেন। তিন কেজি ওজনের ওই বইগুলোর দাম স্থানীয় বাজারে ৩০ টাকা বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্থানীয়রা পুরাতন কাগজ ক্রয়কারীর কাছে বইগুলো পেয়ে তাকে (ক্রেতা) আটক করে পুলিশে খবর দেয়। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে পুলিশ ওই কাগজ ক্রয়কারীকে থানায় নিয়ে আসে। মামলার সাক্ষী দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। বই আটক ও মামলার খবর শুনে প্রধানশিক্ষক পালিয়ে গেছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.