২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি প্রতিস্থাপনে 'স্বীকৃতি পর্ষদ' চায় বিএমএ

কিডনি ব্যবসায় চিকিৎসক বা হাসপাতালের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে এক্ষেত্রে 'স্বীকৃতি পর্ষদ' গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের চিকিৎসকদের শীর্ষ সংগঠন বিএমএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি ব্যবসায় চিকিৎসক বা হাসপাতালের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে এক্ষেত্রে 'স্বীকৃতি পর্ষদ' গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের চিকিৎসকদের শীর্ষ সংগঠন বিএমএ। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে এ 'স্বীকৃতি পর্ষদ' দাতা-গ্রহিতার সম্পর্ক নির্ণয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। কিডনি ব্যবসায় চিকিৎসকদের 'জড়িত থাকা' বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে সোমবার রাজধানীতে এক মতবিনিময় সভা করে এ মত দেয় বিএমএ। জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি চক্র মানুষকে প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। স¤প্রতি জেলার কালাই উপজেলায় প্রায় দুইশ' মানুষের কিডনি বিক্রির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসার সঙ্গে রাজধানীর কয়েকটি নামকরা বেসরকারি হাসপাতাল ও এর চিকিৎসক জড়িত রয়েছেন। ওই অভিযোগ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে গত ১৯ সেপ্টেম্বর আদেশ দেয় উচ্চ আদালত। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫ সেপ্টেম্বর কিডনি ব্যবসার এই ঘটনাকে 'চাঞ্চল্যকর' মামলা হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর জনমনে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএমএ নেতারা। পাশাপাশি এ 'অবৈধ' ব্যবসার সঙ্গে বাংলাদেশের কোনো চিকিৎসক ও হাসপাতালের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা। বিএমএ'র মহাসচিব শরফুদ্দিন আহমেদ বলেন, "স্বাস্থ্য খাতে অস্থিরতা সৃষ্টির পিছনে কিছু বিদেশি হাসপাতাল জড়িত থাকতে পারে। আমাদের উন্নতিতে তারা (বিদেশি হাসপাতাল) তারা ঈর্ষান্বিত হয়ে এ অপপ্রচার চালাচ্ছে।" দাতা কিডনি গ্রহিতার আত্মীয় কি না তা দেখার দায়িত্ব চিকিৎসকের নয় বলেও মন্তব্য করে তিনি বলেন, "এটা নিশ্চিত করার জন্য অবশ্যই একটি অ্যাক্রিডিটেশন কাউন্সিল থাকতে হবে।" চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। "আতঙ্কে থাকা হাসপাতালগুলোতে জরুরি রোগী ভর্তি করা বন্ধ হয়েছে। সেক্ষেত্রে কে দুর্ভোগে পড়বে, অবশ্যই রোগী", যোগ করেন শরফুদ্দিন। অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হারুন-উর-রশিদ বলেন, সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর থেকে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। "কোনো রোগীর কিডনির প্রয়োজন হলে আমারা আত্মীয়-স্বজনের মাধ্যমে তা সংগ্রহের পরামর্শ দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে রোগীর মায়ের পর রোগীর বোন, বাবা ও ভাই কিডনি দিয়ে থাকে। কিন্তু পরিবারের কাউকে না পাওয়া গেলে তারা চাচা-চাচি, মামা-মামির মতো আত্মীয়ের দিকে এগোয়।" এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমোদন নেওয়া হয় বলে জানান ডা. হারুন। তিনি পাল্টা প্রশ্ন করেন, "ওই অনুমোদন ভুয়া হলে আমাদের কী করার আছে।" কিডনি ব্যবসার খবর প্রকাশের পর আটজন রোগী ও তাদের আত্মীয়কে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলেও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি বলে জানান অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। "ডিএনএ প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত তারা ভাই বা বোন। ওই প্রতিবেদনে 'সম্ভবত' বললে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি।" ডা. রশিদের মতে, গত এক দশক ধরে বাংলাদেশে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হচ্ছে। আগে ধনীরা কিডনি প্রতিস্থাপনের জন্য তাদের আত্মীয়দের বিদেশে নিয়ে যেতেন। এ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪২১, কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ২২০, বারডেমে ৮৯, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজিতে ২০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২, আল-মারকাজুল হাসপাতালে ৮০, অ্যাপোলো হাসপাতালে ১৫, ইউনাইটেড হাসপাতালে ২০, পপুলারে ৪ ও ল্যাবএইডে দুই রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাতীয় অধ্যাপক এমআর খান, বিএমএ'র ভারপ্রাপ্ত সভাপতি ডা. এমএ রউফ সর্দার, সহ-সভাপতি ডা. কামরুল হাসান খান ও ডা. এম নজরুল ইসলাম ও সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এএল/২১১০ ঘ.