ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময় বাস্তবায়নের দাবিতে দু'দেশের ১৬২ ছিটমহলের বাসিন্দারা আবারো তিনঘণ্টা নিষ্প্রদীপ সন্ধ্যা' পালন করছে।
এর আগেও একই দাবিতে গত ১০ ও ১১ সেপ্টেম্বর তারা নিষ্প্রদীপ সন্ধ্যা পালন করেছিল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৬২টি ছিটমহলের কোনো বাড়িতে আলো না জ্বালানোর কর্মসূচি রয়েছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে দশদিনের কর্মসূচির অংশই এ নিষ্প্রদীপ সন্ধ্যা। সোমবার ছিল কর্মসূচির চতুর্থ দিন।
দশদিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার, শনিবার ও রোববার জনমত গঠন ও গণস্বাক্ষর সংগ্রহ, সোমবার ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিষ্প্রদীপ সন্ধ্যা, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাড়িতে দিনের বেলায় রান্নার চুলা জ্বলবে না, বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, বৃহস্পবিার (২৯ সেপ্টেম্বর) মৌন মিছিল, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইসাইকেল মিছিল, শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং শেষদিন রোববার (২ অক্টোবর) বিক্ষোভ সমাবেশ।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী দাসিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজারে নিষ্প্রদীপ কর্মসূচি উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক, ছিটমহল সমন্বয় কমিটি দাসিয়ারছড়া শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, ছিটমহল সমন্বয় কমিটির নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান, বজলুর রহমান, আব্দুল কাদের, আব্দুল গণি, মিন্টু মিয়া প্রমুখ।
সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত বাতি নিভিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত মোবাইলে জানান, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলেও তাদের সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ছিটমহলবাসীরা নিষ্প্রদীপ কর্মসূচি পালন করে।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ছিটমহলের বাাসন্দারা দীর্ঘ ৬৪ বছর যাবৎ অবরুদ্ধ জীবন-যাপন করছে। আমরা অন্ধকারের মানুষ। একারণে আলো নিভিয়ে নিষ্প্রদীপ সন্ধ্যা পালন করছি।
একই কর্মসূচি কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট, পঞ্চগড় ও নিলফামারী জেলায় অবস্থিত ছিটমহলগুলোতে পালিত হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, বোদা উপজেলার জেম জুট মিল সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুই পাশে বসবাসকারী ছিটমহলবাসীদের প্রায় একশ' ঘরে সন্ধ্যার পর আলো জ্বলেনি।
নাজিরগঞ্জ ছিটমহলের বাসিন্দা জয় প্রকাশ জানান, একাধিক স্থানে পাহারা বসিয়ে তারা 'নি®প্রদীপ সন্ধ্যা' পালন করেছেন।
কাজলদীঘি শালবাড়ি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, পাশের নাটক টোকা ও দহলা খাগড়াবাড়িসহ তার এলাকাতে লোকজন স্বতঃস্ফূর্তভাবে সন্ধ্যা থেকে আলো না জ্বালিয়ে অন্ধকারে আছেন।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়।
তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা- বিষয়টি আবারো ঝুলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24