গাইবান্ধা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাধ্যক্ষের মুক্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজারে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
পুলিশ জানায়, এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা ধর্মপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমানের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়।
একটি ধর্ষণ ও হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর থেকে মাহবুবুর কারাগারে আটক আছেন।
গত ৪ সেপ্টেম্বর ধর্মপুর বাজার থেকে ফেন্সি খাতুন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়। ৮ সেপ্টেম্বর শিশুটির লাশ আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় উপাধ্যক্ষকে সন্দেহমূলকভাবে গত ১৫ সেপ্টেম্বর আটক করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সকাল-সন্ধ্যা হরতালের কারণে ধর্মপুর বাজারে সব দোকানপাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংকসহ বিভিন্ন অফিস বন্ধ রয়েছে।
পিকেটাররা রংপুর-সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে গাছ কেটে অবরোধ করায় উপজেলার বেলকা, সীচা, শোভাগঞ্জ ও পাঁচপীরের সঙ্গে গাইবান্ধার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি।
কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমানকে মুক্তি দিয়ে ফেন্সি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা হরতাল পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২০ ঘ.
bdnews24