ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন বিএসএফ-প্রধান রমন শ্রীবাস্তব।
তিনি ভারতের বিএসএফ'র ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এ সম্মেলন সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই সম্মেলনে যোগ দিতে ভারতীয় দল বিকাল সাড়ে ৩টায় ঢাকায় এসেছে।"
সম্মেলনে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার পিলখানা সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টায় জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স (জেআরডি) স্বাক্ষরের মাধ্যমে শেষ হবে।
শেষদিন প্রায় একই সময় সংবাদ বিফ্রিং হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১১ ঘ.
bdnews24