সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা উপলক্ষে সরগরম হয়ে উঠেছে রাজধানীর বিপণীবিতানগুলো। ক্রেতারা বলছেন, পছন্দের জিনিসের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় হিসাব মিলাতে পারছেন না। আর দোকানদাররা বলছেন, ভিড় থাকলেও বেচাকেনার অবস্থা ভালো নয়।
রাজধানীর চাঁদনি চক এসি মার্কেটে ছেলেমেয়ে, নাতী-নাতনীদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন রীতা রাণী দাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ছেলেপুলে, নাতী-নাতনীদের জন্য শপিং করতে এসেছেন তিনি। তৈরি পোশাকের পাশাপাশি জামা বানাতে দেওয়ার জন্য বেশ কিছু কাপড়ও কিনেছেন।
এ ছাড়া পরে কেনার জন্য কিছু জামা-জুতো পছন্দ করে রেখেছেন বলেও জানান তিনি।
এই মার্কেটের সোনারগাঁও ফেব্রিক্সের বিক্রয়কর্মী মোহাম্মদ ফাইসাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের ছুটির পর থেকেই পূজা উপলক্ষে পোশাক তৈরির বিভিন্ন ধরনের কাপড় বিক্রি শুরু হয়ে গেছে। এখনও তা অব্যাহত আছে। তবে এখন তৈরি পোশাকের বিক্রি কিছুটা বেড়েছে। কমেছে থান কাপড় বিক্রি।"
তবে ভিড় অনুযায়ী বিক্রি হচ্ছে না দাবি করেন তিনি।
"মানুষ আসছে। দেখে শুনে দামও করছে। দামে মিল না হওয়ায় অনেকেই না কিনেই চলে যাচ্ছে। হয়তো অন্য দোকানে সুলভে পাওয়ার চেষ্টা করছে। অন্য দোকানের খরিদ্দার আমাদের দোকানে এসে জামাকাপড় পছন্দমতো দামে কিনার চেষ্টা করছে। এভাবেই চলছে পূজার শপিং", যোগ করেন ফাইসাল।
নিউ মার্কেটের তৈরি শার্ট-প্যান্টের দোকান নিক্সন গ্যালারির মালিক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই তিন দিন পূজা উপলক্ষে মানুষজন মার্কেটে আসতে শুরু করেছে। তবে বেচাকেনা অন্যবারের তুলনায় কম।
এরকম ব্যতিক্রম অতীতেও হয়েছে উল্লেখ করে নাসির বলেন, "সেক্ষেত্রে অনেক সময় পূজার দুই তিন দিন আগে ব্যাপক বেচাকেনা হয়। আবার কোন কোন বছর ব্যবসা মার খায়। আমরা আশা করছি, এবার শেষ দিকের বেচাকেনা বর্তমান ক্ষতি পুষিয়ে দিবে।"
এদিকে স্বর্ণের দাম দ্বিগুণেরও বেশি বাড়ার কারণে পূজা উপলক্ষে ক্রেতা নাই হয়ে গেছে বলে জানান চাঁদনি চকের আশরাফ জুয়েলার্সের ক্যাশিয়ার এইচ এম হাবিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই বাজার বর্তমানে ক্রেতাশূন্য। পূজা উপলক্ষেও কেউ বাজারে আসছে না। বিগত ২৬ বছরের অভিজ্ঞতায় আমি এমনটা দেখিনি। গত মাসেই মোট ছয়বার স্বর্ণের দাম বেড়েছে। গত এক বছরের হিসাবে যা দ্বিগুণ হয়েছে।"
"মাঝে মাঝে কেউ কেউ কেবল পুরাতন জিনিসপত্র বদলাতেই আসছে। তবে আশার কথা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এর প্রভাব দেশি বাজারে পড়লে পূজা শুরুর পূর্বক্ষণে কিছুটা বেচা-বিক্রি হতে পারে।"
তবে বঙ্গবাজারের দোকানি মো. জাহাঙ্গীর আলম জানান, "শুক্রবার থেকে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। বেচা-বিক্রি হয়েছে বেশ। এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকলে গতবারের তুলনায় বিক্রি ভালোই হবে।"
শপিং করতে আসা পুরান ঢাকার এক স্কুল শিক্ষক মলয় রায় বলেন, "মার্কেটেতো আসছি। কিন্তু কিনতে পারছি না। কারণ সব কিছুর দামই চড়া।"
"নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতেই আমাদের নাভিশ্বাস উঠেছে। এখন আবার শপিং মলগুলোর অবস্থাও খারাপ। কি করবো কিছুই বুঝতে পারছি না।"
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ জনজীবনের যে কোনো সমস্যাই প্রান্তিক জনগোষ্ঠীকে বেশি স্পর্শ করে, মত দেন ওই শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭০৫ ঘ.
bdnews24