২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন: হাসিনা

বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, "বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে আমাদের আবেদনের প্রতি সবার সমর্থন কামনা করছি।" মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যার বিচারে বাংলা বিশ্বের ষষ্ঠ ভাষা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালে বাঙালির আত্মত্যাগের স্মরণে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্র"য়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে। পরের বছর থেকে জাতিসংঘের সব সদস্য দেশে দিবসটি পালিত হয়ে আসছে। মান্দারিন, ইংরেজি, আরবি, ফরাসি, রুশ ও স্প্যানিশ ভাষার পাশাপাশি বাংলাকেও জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ২০০৯ সালে জাতীয় সংসদে একটি প্রস্তাব পাশ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও 'বাংলার' পক্ষে এই দাবিতে সমর্থন দিয়েছে। ভারতে যে ২৩টি ভাষাকে দাপ্তরিক মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাও অন্যতম। এছাড়া এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেরও দাপ্তরিক ভাষা। এছাড়া বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে সিয়েরা লিওনও বাংলাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর নিউ ইর্য়কে পৌঁছান শেখ হাসিনা। সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন সেমিনার ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাত করবেন। ২৮ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/২৩৪৯ ঘ.