২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রীতিলতার 'আত্মাহুতি দিবস' পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯তম আত্মাহুতি দিবস পালন করেছে চট্টগ্রামের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:58 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯তম আত্মাহুতি দিবস পালন করেছে চট্টগ্রামের মানুষ। শনিবার সকাল সাড়ে ৯টায় পাহাড়তলি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের (তৎকালীন চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব) সামনের সড়ক দ্বীপে স্থাপিত স্মৃতি স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করা হয়। এটি আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু কিশোর মেলা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন ইউরোপিয়ান ক্লাবটি বীরকন্যা প্রীতিলতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য। তাই এটি জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। পাঠ্যবইয়ে প্রীতিলতার আত্মজীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রীতিলতার ভাস্কর্য নির্মাণের কাজ দ্রুত শেষ করা উচিত। আরো বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেত্রী পারভীন আক্তার, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইন্দ্রানী ভট্টাচার্য সোমা ও বাসদ'র অপু দাশগুপ্ত। এছাড়া সকালে শিশু কিশোর মেলার উদ্যোগে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে পরিচালিত হয় নগরীর পাহাড়তলীতে 'চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব' আক্রমণ। এরপর 'পটাশিয়াম সায়ানাইড' খেয়ে আত্মাহুতি দেন প্রীতিলতা। প্রীতিলতা ১৯১১ সালের ৫মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০০৫১ ঘ.