রংপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রংপুরের দুই সহোদরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাবাগান পুলিশের সহায়তায় শুক্রবার কলাবাগান এলাকা থেকে রংপুর পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার তাদের রংপুর আনা হয়।
গ্রেপ্তার সাদেক জামান ও সাহেদ জামান রংপুর শহরের সেন্ট্রাল রোডের বাসিন্দা।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, সাদেক ও সাহেদ নিজেদের ডেসটিনির কর্মকর্তা পরিচয় দিয়ে রংপুর শহরের বিভিন্ন ব্যসায়ী, ঠিকাদারসহ বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা নিয়ে পালিয়ে ছিল।
"তারা টাকা প্রদানকারীদের বলতো, একশ' টাকা দিলে দুইশ' টাকা অর্থাৎ দ্বিগুণ টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেখায়," বলেন পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ দুই ভাইয়ের বিরুদ্ধে রংপুরে ২০টির মতো প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এছাড়া একটি মামলায় তাদের এক বছর করে সাজাও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24