ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিল ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে এর ওপর নজর রাখবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শনিবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ অংশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, 'ফলো দ্য মানি' শীর্ষক এ প্রকল্পটি হাতে নিয়েছে টিআইবি। আমরা এ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি নজর রাখবো।
ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলে অর্থ ব্যয়ে অসঙ্গতি নিয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন তারা সংগ্রহ করেছে। এর তথ্যগুলো যাচাই করবে টিআইবি।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার উদ্দেশ্যে ইতিমধ্যেই বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় ৩০ কোটি ডলারের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ।
ইফতেখারুজ্জামান বলেন, "দাতারা ইতিমধ্যেই তহবিলের অর্থ দিতে শুরু করেছে। এসব অর্থ ব্যবহারের ব্যাপারে কোনো নীতি বা কৌশল নেই, কিন্তু টাকাগুলো ব্যবহার করা হচ্ছে।"
তবে এ পর্যন্ত তহবিলের মোট কতো অংশ বাংলাদেশ পেয়েছে, সে তথ্য পায়নি টিআইবি।
না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ইফতেখার বলেন, "আপনি সরকারি কোনো সূত্র থেকেও এ ব্যাপারে কোনো তথ্য পাবেন না।"
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বলা হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ ভূমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অন্তত তিন কোটি মানুষ তাদের বাসস্থান হারাবে।
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে দেশের ভূমি ও পানি সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও জবাবদিহিতা নিশ্চিতের জন্য পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে টিআইবি। এ ব্যাপারে জন সাধারণের সহযোগিতাও চেয়েছে প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24