চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে নতুন করে কূপ খনন শুরু করেছে সান্টোস বাংলাদেশ লিমিটেড।
শনিবার ভোর ৪টা থেকে কূপ খননের কাজ শুরু হয় বলে জানিয়েছেন সান্টোসের সহসভাপতি (গর্ভনমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দোলা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঙ্গুর পুরনো কূপের অবকাঠামো থেকে ৬ কিলোমিটার দক্ষিণে 'দক্ষিণ সাঙ্গু-৪' নম্বর কূপটি খনন শুরু হয়েছে।
কূপ খননে ৩০ বিশেষজ্ঞসহ প্রায় ৪০০ কর্মী কাজ করছে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে কূপ খননের জন্য সিঙ্গাপুর থেকে নতুন খননকারী রিগ 'অফসোর রিসলিউট' আনা হয় গত ১৮ সেপ্টেম্বর।
গত ১৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়াভিত্তিক গ্যাস ও জ্বালানি তেল অনুসন্ধানী প্রতিষ্ঠান সান্টোস এর সভাপতি জন চেম্বারস গ্যাস অনুসন্ধানে কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন।
সান্টোস কর্মকর্তারা বলেন, প্রকল্পের সময়ানুযায়ী সাঙ্গু-১১ কূপটি ১৫ নভেম্বর এবং উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপটি আগামী বছরের ৮ জানুয়ারিতে খনন শুরু হবে।
দক্ষিণ সাঙ্গু কূপের খনন কাজ এ বছরের ১৫ নভেম্বর, সাঙ্গু-১১ আগামী বছরের ৮ জানুয়ারি এবং সাঙ্গু-১ কূপের খনন কাজ ২০১২ সালের ২২ ফেব্র"য়ারি শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
তবে সাঙ্গু-১১ কূপটি খনন করা হবে পূর্বের স্থাপনা ব্যবহার করেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24