ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
মৃতের নাম সজীব আল ইসলাম। তিনি পান্থপথের শমরিতা হাসপাতালে এক সময় কাজ করতেন।
ধানমণ্ডি পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টায় লেক থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম জানা যায়।
সজীবের মৃত্যুর কারণ কী জানতে চাওয়া হলে ধানমণ্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশটি ফুলে গেছে। সম্ভবত কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। তাই ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।"
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মৃতের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ছিলো। তাতে লেখা- তার বাসা ১৭ নম্বর পূর্ব রাজাবাজারে। সেই সঙ্গে শমরিতা হাসপাতালের একটি পরিচয়পত্রও পাওয়া গেছে।
শমরিতা হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতালের ব্যবস্থাপক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিয়ম করায় গত জুন মাসে মেডিক্যাল অফিসার সজীবকে চাকরিচ্যুত করা হয়।
কয়েকটি বিয়ে করা সজীবের পারিবারিক জীবনে অশান্তি ছিলো বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১৪৫ ঘ.
bdnews24