সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ে বেড়াতে যাওয়া কুমিল্লার দাউদকান্দির এক যুবক পিয়াইন নদীতে ডুবে মারা গেছেন।
আবু বকম শোয়েব (৩৫) নামে ওই ব্যক্তি শুক্রবার দুপুরে পিয়াইন নদীতে ডুবে যান বলে পুলিশ জানিয়েছে।
শোয়েবের বাড়ি দাউদকান্দির গৌরীপুরে। তিনি বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক লিমিটেডের নির্বাহী হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আবু বকর শোয়েব কয়েকজন সহকর্মীর সাথে জাফলং বেড়াতে যান। পিয়াইন নদীতে সাঁতার কাটার সময় তিনি তলিয়ে যান।
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় পাথর শ্রমিকরা শোয়েবকে উদ্ধার করে বলে ওসি জানান। তাকে সঙ্গে সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
হাসপাতলে আনার পর কর্তব্যরত চিকিৎসক শোয়েবকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24